সরকার দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে বর্তমানে তিনটি প্রস্তাবনা রয়েছে।” তিনি জানান, দৌলতদিয়া-পাটুরিয়া রুটটি এই প্রস্তাবনার মধ্যে অন্যতম।
সেতুমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি, বলব আমি এই মুহূর্তে। বর্তমানে আমরা প্রকল্পের অর্থায়নের বিষয়টি নিয়ে ভাবছি এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছি।”
অর্থায়নের উৎসের পাশাপাশি প্রকল্পের অন্যান্য প্রাক-প্রস্তুতিমূলক কাজও বর্তমানে চলমান রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। এই সেতুটি নির্মিত হলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব আরও কমে আসবে এবং বিদ্যমান পদ্মা সেতুর ওপর চাপের ভারসাম্য রক্ষা হবে বলে মনে করা হচ্ছে।



