হামে আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং শিশু মৃত্যুহার কমিয়ে আনতে দীর্ঘ প্রতীক্ষিত বরিশাল শিশু হাসপাতাল আগামী ১ আগস্ট চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১১ মে) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালটি দ্রুত চালু করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত চাহিদার তালিকা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যেই ১০টি নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান মেশিন, এক্স-রে এবং কার্ডিয়াক মনিটরসহ জীবনরক্ষাকারী আধুনিক সরঞ্জাম হাসপাতালে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে কিছু সরঞ্জাম টেন্ডারের মাধ্যমে এবং কিছু স্থানীয়ভাবে সংগ্রহ করা হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি জনবল নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে শেবাচিম হাসপাতালের চিকিৎসক সংকটের বিষয়টি নজরে এলে মন্ত্রী তাৎক্ষণিকভাবে দুই ধাপে মোট ১০ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন। তিনি বলেন, “আমি চাই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই হাসপাতালের কার্যক্রম শুরু হোক যাতে সাধারণ মানুষ এর সুফল পায়।”
উল্লেখ্য, ২০১৭ সালে নগরীর আমানতগঞ্জ এলাকায় ২৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ২০০ শয্যার এই বিশেষায়িত হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। তবে দীর্ঘদিনেও বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত না হওয়ায় হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। এই সংকট কাটাতে ২০২৫-২৬ অর্থবছরে নতুন করে ৪ কোটি ৬৬ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর, জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



