তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা জনগণের কল্যাণে বিশ্বাসী। উন্নয়ন ও সেবার রাজনীতির মাধ্যমেই এই দল মানুষের পাশে থাকতে চায়। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এদিন আমতৈল ইউনিয়নের বড়বিলা-বাহিরশিমূল রাস্তার উন্নয়ন কাজের পাশাপাশি কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং সদর ইউনিয়নের কচুন্দরায় খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, হালুয়াঘাটসহ সমগ্র বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইবে।
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকল্পগুলোর উদ্বোধন শেষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।



