লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
লালমনিরহাটের জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন সাব্বির বিন শামস। দহগ্রাম সীমান্ত এলাকায় তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সুপার জানান, আটক সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। সীমান্ত এলাকা থেকে আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।



