প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি, আবার ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় দেশ গড়ার এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের।
শনিবার (১৬ মে) চাঁদপুর সরকারি কলেজ মাঠে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী রাজনীতির নামে বিশৃঙ্খলাকারীদের সতর্ক করে বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিংবা অরাজকতার পরিবেশ তৈরি করতে চায়, তবে আমরা কেউ বসে থাকবো না।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচি দেশের খেটে খাওয়া মানুষের কল্যাণকে কেন্দ্র করেই গ্রহণ করা হয়েছে। দলটির প্রতিটি পদক্ষেপই এ দেশের সাধারণ মানুষের জন্য এবং এই লক্ষ্যেই অতীতে আন্দোলন করা হয়েছে। সেই আন্দোলনে বাংলাদেশের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে এবং অসংখ্য মানুষ আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের জন্য রাজনীতিকে সবসময় কল্যাণমুখী হতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই সেই লক্ষ্য আমাদের বাস্তবায়ন করতে হবে। শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, বরং তা বাস্তবায়নের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে। আমরা যা কিছু বলেছি, সেগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব।
উন্নয়নের জন্য স্বনির্ভরতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে বিদেশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। নিজেদের শ্রম, দক্ষতা ও ঐক্যের মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাইরে থেকে কেউ এসে আমাদের দেশ গড়ে দিয়ে যাবে না, আমাদের দেশ আমাদেরই গড়তে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে শ্রমশক্তিতে রূপান্তর করতে পারলেই মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে।
তিনি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, আপনাদের সামনে স্পষ্ট করে বলতে চাই, ২০২৬ সালের নির্বাচনে আমরা জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের মানুষ তার পক্ষে রায় দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



