ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী সদস্যদের ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটি টেকসই অর্থনৈতিক ক্ষমতায়ন তৈরি হবে। সরকার বিগত জাতীয় নির্বাচনের আগে দেওয়া জনগণের সব প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।

শনিবার (১৬ মে) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনে আমার নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছিলাম। তৎকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল এই প্রতিশ্রুতি নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করলেও, সমস্ত সমালোচনা সহ্য করে আমরা জনগণের কল্যাণে এই উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমানে পাইলট প্রকল্প আকারে এর বাস্তবায়ন শুরু হয়েছে।

মন্ত্রী আরও জানান, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার আওতায় আনার জন্য বিশেষ কার্ড প্রদানের প্রক্রিয়াও সরকার শুরু করেছে। প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই কার্ড বণ্টন তারই বাস্তব প্রতিফলনের চিত্র। গৌরনদী উপজেলাকে এই কল্যাণমুখী প্রকল্পের অন্তর্ভুক্ত করায় তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকল্পের অগ্রগতি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এই ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় এসেছেন। যার মধ্যে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডও রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এই কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কার্ড বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন এবং গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল।

এছাড়াও অনুষ্ঠানে জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।