ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। আজ রবিবার (১৭ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সাবেক ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর থেকে প্রায় দুই মাস ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল। মাঝের এই সময়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. সরোয়ার ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৪ মে তিনি অবসরে গেলে পদটি সম্পূর্ণ খালি হয়।
নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার (এসপি) হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘UNAMID’-এও তিনি দায়িত্ব পালন করেন।
গত ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার্স) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ। ডিএমপি কমিশনার হওয়ার আগে তিনি পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) এবং সর্বশেষ সিআইডি প্রধান হিসেবে কর্মরত ছিলেন।



