খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আলী নুর ডাবলু (৪৮) নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার (১৭ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলী নুর ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় এতিম আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছাড়ে। এতে তার শরীরের তিনটি স্থানে গুলি লাগে। এর মধ্যে একটি গুলি বাম কাঁধে, একটি বাম হাতের কব্জিতে এবং অন্যটি কনুইয়ের ওপরের অংশে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরপরই জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে কিংবা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



