খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় ফেজের দুটি কাজের অনুমোদন, ব্যয় ৪৪৩ কোটি টাকা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

খুলনা পানি সরবরাহ প্রকল্পের (ফেজ–২) দুটি পৃথক প্যাকেজের পূর্ত কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই দুটি প্যাকেজ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪৩ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৭১৯ টাকা।

বুধবার (২০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে স্থানীয় সরকার বিভাগের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, প্রকল্পের ডব্লিউ-০২ নম্বর প্যাকেজের আওতায় মূলত নলকূপ স্থাপন, পাম্প, মোটর, ভিএফডি, পাম্প হাউজ নির্মাণ এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক কাজ সম্পন্ন করা হবে। এর পাশাপাশি দুই বছরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজও এর অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজের মোট ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৮০৯ টাকা। এই কাজের দরপত্র প্রক্রিয়ায় চারটি প্রস্তাব জমা পড়লেও কারিগরিভাবে কেবল একটি প্রস্তাব যোগ্য বিবেচিত হয়। পরে মূল্যায়ন কমিটির সুপারিশে একমাত্র যোগ্য দরদাতা প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডকে কাজটি দেওয়ার অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে, ডব্লিউ-০৫ নম্বর প্যাকেজের আওতায় ক্লিয়ার ওয়াটার ট্রান্সমিশন মেইন পাইপলাইন নির্মাণ, ময়ূর নদী ও খাল অতিক্রমসহ সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ এবং দুই বছরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এই মেগা প্যাকেজটিতে ব্যয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ১৭ লাখ ২০ হাজার ৯১০ টাকা। দরপত্র প্রক্রিয়ায় অংশ নেওয়া ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। চূড়ান্ত মূল্যায়ন শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান ‘চায়না কনস্ট্রাকশন সেকেন্ড ইঞ্জিনিয়ারিং ব্যুরো লিমিটেড’ এবং ‘আরএফএল প্লাস্টিকস’-কে কাজটি প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পের পটভূমি উল্লেখ করে জানা গেছে, খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২) গত ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পটির বাস্তবায়ন কাল ধরা হয়েছে ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।