রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছর বয়সি স্কুলছাত্রী রামিসা আক্তারের মৃত্যুকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দেশে কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং আগামী এক মাসের মধ্যেই শিশু রামিসা হত্যার চূড়ান্ত বিচার সম্পন্ন করা হবে।
শনিবার (২৩ মে) বিকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল একাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।
নারী ও শিশুদের সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, বর্তমান সরকার যেকোনো ধরনের শিশু বা নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না। রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘মৃত্যুদণ্ড’ আগামী এক মাসের মধ্যে ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। কঠোর এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মূল লক্ষ্য হলো, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা অপরাধী এভাবে অসহায় শিশু কিংবা নারীদের ওপর নির্যাতন চালানোর সাহস না পায়।
এর আগে দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহের ত্রিশালেই ‘কানহর ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নিয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যেকোনো অন্যায়কারীকে শাস্তি দেওয়ার জন্য দেশে সুনির্দিষ্ট আইন-কানুন রয়েছে। কিন্তু বর্তমানে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে, যা সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ তারিখের নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসানোর কারণে একটি বিশেষ গোষ্ঠীর মনে তীব্র জ্বালা ধরেছে। আর সেই ক্ষোভ থেকেই তারা নানা ধরনের অরাজক কর্মকাণ্ড লিপ্ত রয়েছে। এই মহলটি সাধারণ কৃষকদের সমস্যা, খাল খনন কিংবা বেকারদের কর্মসংস্থানের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোনো কথা বলছে না; বরং তারা কেবলই অরাজক পরিস্থিতি তৈরিতে ব্যস্ত। এই ধরনের বিশৃঙ্খলা হলে আল্টিমেটলি সাধারণ মানুষ ও কৃষকদেরই ক্ষতি হবে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
জনসভায় দেওয়া বক্তব্যে দেশের সার্বিক আইনশৃঙ্খলায় বিঘ্নকারীদের বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেন, যারা বর্তমানে দেশে বিভিন্ন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের সঙ্গে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত শক্তির গভীর আঁতাত ও যোগসাজশ রয়েছে।



