ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা দূরীকরণ এবং তা থেকে স্থায়ী উত্তরণের উপায় খুঁজতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার সামগ্রিক জলাবদ্ধতা পরিস্থিতি এবং জনদুর্ভোগ লাঘবের নানাবিধ উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের পুরোনো জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। এই সংকট নিরসনে ২০১৬ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যা ২০২৪ সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত সেই প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি।
এই পরিস্থিতি উত্তরণে মন্ত্রী জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে সমাপ্ত হওয়া এই প্রজেক্টটি আগামী দুই সপ্তাহের মধ্যে সরাসরি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পুরো এলাকাজুড়ে নতুন করে আরও ৩০ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সিটি করপোরেশনের সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে এবার এই অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার একটি কাঙ্ক্ষিত ও স্থায়ী সমাধান পাওয়া সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে পানিসম্পদ মন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।



