নারীদের অবদান অনস্বীকার্য, তবে অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও বাড়ানো প্রয়োজন: ড. মঈন খান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীল খাতগুলোতে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পেলেও তাদের অধিকার ও নেতৃত্বের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কর্মরত লাখো নারী দেশের রপ্তানি আয় ও প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (৮ জুন) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটি (জিআইএলসি) এই সম্মেলনের আয়োজন করে।

ড. মঈন খান বলেন, বর্তমানে প্রায় ৪০ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করছেন, যা দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে এত বড় অবদান থাকা সত্ত্বেও নারীরা এখনো বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কাঙ্ক্ষিত অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা দূর করা জরুরি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী এবং সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া পেশাজীবী নারীদের পাশাপাশি নীতিনির্ধারক, করপোরেট নেতৃত্ব, পর্বতারোহী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনসমূহের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে নারী-পুরুষের অংশীদারিত্বভিত্তিক সহযোগিতা অপরিহার্য। কর্মক্ষেত্র, প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দেশের উন্নয়ন প্রক্রিয়া আরও গতিশীল হবে। একই সঙ্গে নেতৃত্বের বিভিন্ন স্তরে নারীদের সুযোগ বৃদ্ধি সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিকে আরও টেকসই করে তুলতে পারে।

উক্ত সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। কৌশলগত অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে এসিসিএ, আইসিএমএবি, আইসিএসবি ও আইআইএবি এবং কারিগরি সহায়তা অংশীদার হিসেবে যুক্ত ছিল বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আইএফসি।