জাতীয় সংসদের স্পিকার (মেজর অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও জনশক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বুধবার (১৭ জুন) স্পিকারের সংসদ কার্যালয়ে এই দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে র্নিবাচিত হওয়ায় শুরুতেই হাফিজ উদ্দিন আহমদকে আন্তরিক অভিনন্দন জানান জাপানি রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে স্পিকার জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের বিভিন্ন খাতসহ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন্য তিনি জাপান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি জাপানে রপ্তানির ক্ষেত্রে জাপানি সহযোগিতা কামনা করেন তিনি।
স্পিকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম হওয়ার বিষয়টি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অন্যদিকে জাপানের রাষ্ট্রদূত রাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সুদৃঢ় সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতা ও সহানুভূতির মেলবন্ধন। জাপান সরকার দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশের অর্থনীতিতে সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে জাতিসংঘ, জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষক দল সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে রিপোর্ট দিয়েছে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় জাপানের চলমান উন্নয়ন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি স্পিকারকে অবহিত করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।



