যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

যশোরে পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এই ক্যাম্পের আয়োজন করে আমেরিকার সাহায্য সংস্থা ‘ইকো’।

চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার দেশের পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে নানামুখী কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেছে। ধনী-দরিদ্র সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন দেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজকে সামগ্রিকভাবে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও দাতা সংস্থাকেও অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দিনব্যাপী এই ক্যাম্পে শহরের দুস্থ ও বয়োবৃদ্ধ মানুষের চোখ পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এবং প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেন। ক্যাম্পে আসা দেড় শতাধিক নারী ও পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাদের মধ্য থেকে ৩৫ জনকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করার উদ্যোগ নিয়েছে আয়োজক সংস্থাটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।