মালয়েশিয়া সফর শেষে চীন পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্ধরে পৌঁছানোর পর লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এরপর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে হোটেল শাংগ্রি-লাতে নিয়ে যাওয়া হয়। চীনের দালিয়ানে দুই দিন অবস্থানকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

এর আগে, মালয়েশিয়ার স্থানীয় সময় বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’-এর বার্ষিক সভায় (২০২৬ সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। দালিয়ানের কর্মব্যস্ত সময় শেষে প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন এবং সেখানে তাঁর সফরের মূল কর্মসূচি শুরু হবে।

কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই প্রথম চীন সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণে এই সফর ঐতিহাসিক গুরুত্ব বহন করে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যা শেষে আগামী ২৬ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে চীন সফরের ঠিক আগেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরও দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়।