মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে তুরস্ক এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে চলমান এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান যে দ্রুত প্রত্যাবাসন, তা দ্বিপাক্ষিক বৈঠকে স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে।
সোমবার (২২ জুন) ঢাকায় সফররত তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইয়িলমাজের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চলতি মাসের ৪ থেকে ৬ জুন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ফলপ্রসূ বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে দুই দেশের ঘনিষ্ঠ সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ ১২ লাখেরও বেশি মিয়ানমার নাগরিককে আশ্রয় দিয়ে আসছে। বিপুল এই জনসংখ্যার চাপ দেশের মানবিক, সামাজিক-অর্থনৈতিক এবং পরিবেশগত ক্ষেত্রে বিশাল সংকটের সৃষ্টি করেছে, যা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। এই সংকটের টেকসই অবসান ঘটাতে তিনি তুরস্ককে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ করেন।
বাংলাদেশের এমন মানবিক ও উদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইয়িলমাজ। তিনি জানান, তুর্কি রেড ক্রিসেন্ট শুরু থেকেই রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য, শিক্ষা, প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাস্তুচ্যুতি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার এবং ভবিষ্যৎ মানবিক সহায়তা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তুর্কি রেড ক্রিসেন্ট প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে তুরস্কের ধারাবাহিক সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



