সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে হযরত শাহজালাল (র.)-এর মাজার সংক্রান্ত কোনো ইস্যুর সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এই বদলিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমান বা ধারণার ওপর নির্ভর না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সরকারের সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সম্প্রতি সিলেটের ডিসিকে বদলি করার ঘটনাটির সঙ্গে মাজার শরিফে নেওয়া কোনো পদক্ষেপকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে যুক্ত করার চেষ্টা করছেন। তবে একটি ঘটনার পরপরই আরেকটি ঘটনা ঘটেছে বলেই দুটির মধ্যে জোর করে সম্পর্ক খোঁজা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এই বদলি সংক্রান্ত বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় যে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে, সেটিই বর্তমানে একমাত্র গ্রহণযোগ্য তথ্য।
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রীয় বা প্রশাসনিক কিছু স্পর্শকাতর সিদ্ধান্ত সব সময় বিস্তারিতভাবে সাধারণ মানুষের সামনে প্রকাশ করা সম্ভব হয় না। এ ধরনের বিষয়ে জনমনে নানা ধরনের অনুমান তৈরি হলেও সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা উচিত।
এর আগে মাজারের দান করা অর্থের বিষয়টি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি মন্তব্য করেন, মাজারের দানের অর্থের ব্যবস্থাপনা এবং এর পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের আপত্তি বা দ্বিধা থাকবে না।



