জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষই মাস্টারমাইন্ড: সংসদে শফিকুর রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

চব্বিশের জুলাই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড নেই, বরং এ দেশের ১৮ কোটি মানুষই এর প্রকৃত মাস্টারমাইন্ড বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একক কোনো মাস্টারমাইন্ডের তত্ত্ব তাঁরা স্বীকার করেন না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত একটি দাবি উত্থাপন করেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা আমাদের সঙ্গে আলোচনায় বলেছিলেন যে এই আন্দোলনের প্রধান নায়ক হলেন জনাব তারেক রহমান। তাই বাজেট বাস্তবায়ন নিয়ে চিন্তার কোনো কারণ নেই এবং ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে।

সরকারদলীয় সদস্যের এই বক্তব্যের কড়া জবাব দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘উনি আমার একটি পূর্ববর্তী বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। হ্যাঁ, আমি অবশ্যই বক্তব্য রেখেছি, কিন্তু উনি সময়টা সঠিকভাবে উল্লেখ করেননি। আমার সেই বক্তব্যটি ছিল ২০২৪ সালের এপ্রিল মাসের। আর দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও গণঅভ্যুত্থানটি সফল হয়েছে ওই বছরের আগস্টে।’

বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন, যাদের সুনির্দিষ্ট নেতৃত্বে এই ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হয়েছে, দেশবাসী সবাই অন্তর থেকে তাদের শ্রদ্ধা করে ও ভালোবাসে। তাই রাষ্ট্রীয়ভাবে তাদের সেই ত্যাগের জায়গাটা সর্বদা অক্ষুণ্ন ও সমুন্নত রাখতে হবে।

ড. মুহাম্মদ ইউনূসের পূর্ববর্তী একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘এমনকি প্রধান উপদেষ্টা ড. ইউনূস যখন আমেরিকায় গিয়ে একজনকে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন, তখনও আমি সেই কথার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিলাম। আমি স্পষ্ট করে বলেছি, এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না। আমরা আমাদের বীর যুবসমাজকে এই ঐতিহাসিক পরিবর্তনের পুরো কৃতিত্ব দিতে চাই। আর সামগ্রিকভাবে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হলো বাংলাদেশের ১৮ কোটি সাধারণ মানুষ।’