শিক্ষায় উদ্ভাবন ও একযোগে দেশব্যাপী বৃক্ষরোপণ: মাউশির দুটি বড় কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, তরুণ উদ্যোক্তা তৈরির সংস্কৃতি এবং জলবায়ু সচেতনতা জোরদারে আজ সোমবার দুটি বৃহৎ জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে রয়েছে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’–এর আওতায় জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের অধীনে দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুপুর ১টায় শুরু হতে যাওয়া এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দুটি বড় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের করে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ব্যক্তিগত নৈপুণ্যের বিকাশ ঘটানোর লক্ষ্যেই দেশব্যাপী এই আয়োজন করা হয়েছে বলে মাউশি সূত্রে জানা গেছে।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে আয়োজিত এই কর্মসূচির প্রথম ধাপে গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগরের শিক্ষা থানায় সফলভাবে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচিত ৫৪৬টি দল গত ১৪ জুন জেলা পর্যায়ে অংশ নেয়, যেখানে ঢাকার বিএএফ শাহীন কলেজ মিলনায়তনে উপস্থিত থেকে ক্ষুদে উদ্ভাবকদের উৎসাহ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সেখান থেকে নির্বাচিত সেরা ১০০টি দল আজ জাতীয় পর্যায়ে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবে, যার মধ্য থেকে সেরা ১০টি দলকে ট্রফি ও বিশেষ আর্থিক পুরস্কার দেওয়া হবে।

অন্যদিকে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে আজ একযোগে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ Scout ২৬৮টি মাদ্রাসাসহ মোট ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে। ‘লেইস’ প্রকল্পের আওতায় প্রতিটি প্রতিষ্ঠানকে এ জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে এবং আজ প্রতিটি ক্যাম্পাসে অন্তত একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছ রোপণ করা হবে। কেন্দ্রীয় এই অনুষ্ঠানটি মাঠপর্যায়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে।