বর্তমান সরকার সবসময় দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে রয়েছে এবং কোনো নাগরিক যেন অনাহারে না থাকে তা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সরকারের এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও একইভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্গত ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী এবং নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বিশেষভাবে বরাদ্দকৃত চাল স্থানীয় প্রায় ২ হাজার অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
এর পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট লাঘবে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকেও সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর এবং ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।



