দেশের বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। একই সঙ্গে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে হালদা নদীর ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদা পুকুর এলাকায় আয়োজিত এক বিশেষ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ফটিকছড়িতে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এলাকার পরিস্থিতি ও মানুষের খোঁজখবর রাখছেন। মাঠপর্যায়ে কোথায় কী ধরনের সাহায্য প্রয়োজন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সম্পূর্ণ অবগত। তাঁর বিশেষ নির্দেশনায় ও আন্তরিকতায় দুর্গত মানুষের ক্ষয়ক্ষতি কমাতে এই ত্রাণ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যেকোনো দুর্যোগে জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও সব ধরনের লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য সরওয়ার আলমগীরের ভূয়সী প্রশংসা করে বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই তিনি এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জোরালো উদ্যোগ নিয়েছেন। সংসদ সদস্যের বিশেষ অনুরোধেই ফটিকছড়ির মানুষের জন্য এই জরুরি ত্রাণ বরাদ্দ নিয়ে আসা হয়েছে। বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো অত্যন্ত সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীরের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।



