সাম্প্রতিক সময়ের বন্যায় দেশের যেসব এলাকার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুনির্দিষ্ট তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এই তালিকা প্রণয়নের প্রক্রিয়া শেষ হলেই সরকার ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দেবে।
শনিবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত আঞ্চলিক বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এসব কথা বলেন। বর্তমান সরকারকে কৃষিবান্ধব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের যেকোনো সুখে-দুঃখে সরকার সব সময় পাশে থাকবে।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের হয়তো এখনো যায়নি। তবে সবাইকে মনে রাখতে হবে যে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর থেকে প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। ফলে এই কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে যার যার খালি জায়গায় বৃক্ষরোপণ করার উদাত্ত আহ্বান জানান মন্ত্রী। এর আগে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এবারের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার এবং পুলিশ পরিদর্শক (সুপার) আনিসুজ্জামান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।



