নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, ১ আগস্ট থেকে শুরু

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের শিশুদের টাইফয়েড জ্বর থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) নতুনভাবে যুক্ত হচ্ছে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’। আগামী ১ আগস্ট (২০২৬) থেকে নির্ধারিত বয়সী শিশুদের নিয়মিত টিকার অংশ হিসেবে এই ভ্যাকসিন প্রদান করা হবে। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।

ইপিআইয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে ১৫ মাস বয়সী সব শিশুকে এই ভ্যাকসিন দেওয়া হবে। টিকাদানের নিয়ম হিসেবে শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলি মাত্রার এক ডোজ টিকা প্রয়োগ করা হবে। তাছাড়া নিয়মিত টিকাদান সেশনে শিশুদের চলমান এমআর-২ টিকার সঙ্গেই এই নতুন টিসিভি ভ্যাকসিন একসঙ্গে দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

এই নতুন টিকা কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে মাঠপর্যায়ে ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠকর্মীরা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের ডিজিটাল নিবন্ধন নিশ্চিত করবেন। এর পাশাপাশি নতুন এই টিকা সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক ও বিশেষ প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।