দেশের তরুণ ও নারী প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ আয়োজনে তিনি এই প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধন হওয়া এই ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ দেশের নতুন উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, প্রয়োজনীয় প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠানের সংযোগ এবং ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা একক প্ল্যাটফর্ম থেকেই সহজে গ্রহণ করতে পারবেন। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে সরকারের ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় সম্ভাবনাময় উদ্ভাবনী উদ্যোগের অর্থায়ন ও বিকাশের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতসহ বিভিন্ন ধর্মগ্রন্থের বাণী পাঠ করা হয় এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর সফল স্টার্টআপ উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় পর্ব ‘গল্প নয়, সত্যি’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্টার্টআপ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি এক মুক্ত আলোচনায় অংশ নেন এবং নির্বাচিত ছয়জন সফল উদ্যোক্তার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননা স্মারকও প্রদান করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞার সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আয়োজনের সমাপ্তিতে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।



