বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে সরকারের প্রত্যয়, দেশজুড়ে ৬৫ হাজার স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন ও নেতৃত্বের আলোকে দেশের বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুন করে বিনির্মাণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি উল্লেখ করেছেন, এমন একটি আধুনিক ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে খুদে শিক্ষার্থীরাই আগামী দিনের স্বনির্ভর বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে প্রস্তুত হবে।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী কর্মসূচির আওতায় আজ দেশের প্রায় ৬৫ হাজার স্কুলে একযোগে প্রায় ২ লাখ বৃক্ষ রোপণ করা হয়েছে। উপদেষ্টা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানোই নয়, বরং শিক্ষার্থীরা যাতে নিজ নিজ বিদ্যালয়ে এই গাছগুলোর নিয়মিত পরিচর্যা করে সেই পরিবেশ তৈরি করা, যা তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে দেশের সাতটি জেলা থেকে খুদে শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে ছুটে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শিশুদের এই আবেগ ও উচ্ছ্বাসই প্রমাণ করে একজন জনগণের নেতা রাষ্ট্র পরিচালনায় এলে মানুষের ভাগ্য বদলে যায়।

উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, নতুন শিক্ষানীতির অংশ হিসেবে এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ সমন্বয় করা হবে। এর মাধ্যমে বছরজুড়ে দেশব্যাপী বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিভাবান শিক্ষার্থীরা রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন পাবে। ইতিমধ্যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে প্রাথমিক স্তরের ২২ লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সফল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই ধারা বজায় রাখতে প্রধানমন্ত্রী নিজে ‘প্রাইম-মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ’ আয়োজনের জন্য বিশেষ পৃষ্ঠপোষকতা প্রদানের আশ্বাস দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।