একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
রোববার (১৯ জুলাই) রাতে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রাজধানীতে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে এদিন সকাল থেকে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে অবস্থিত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। ফুটবল, বিনোদন ও সামাজিক অন্তর্ভুক্তির এই আয়োজনের মূল আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে একটি বিশেষ ফুটবল টুর্নামেন্ট। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার এই প্রয়াস সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
টুর্নামেন্টের বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্বে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি উভয়পক্ষের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেন। মন্ত্রীর এই তাৎক্ষণিক ঘোষণায় উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই মূলত এই উৎসবের পরিকল্পনা করা হয়েছিল। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও বেশি অর্থবহ ও মানবিক করে তুলেছে।



