বিএনপির নির্বাচনি ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে সামাজিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে কার্ড বিতরণের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যতের কর্মপরিকল্পনা পর্যালোচনা করা হয়।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ধাপে ধাপে দেশের সর্বত্র ফ্যামিলি কার্ড কার্যক্রম ছড়িয়ে দেওয়ার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরের মধ্যে আন্তঃসমন্বয় জোরদার করার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দেন যে, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে যেন এই সুবিধা নির্ভুল ও স্বচ্ছভাবে পৌঁছায়, সে জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে। স্বজনপ্রীতি বা কোনো অনিয়ম ছাড়া সঠিক মানুষের হাতে সুবিধা পৌঁছানো নিশ্চিত করতে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও কার্ড বণ্টনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বায়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



