পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশের সাধারণ পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি এবার আন্তর্জাতিক এই ভ্রমণ নথিতে যুক্ত করা হচ্ছে।

রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ প্রজ্ঞাপনে পাসপোর্টের নতুন এই অনুমোদিত নকশার বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ বা ওয়াটারমার্ক পরিবর্তন করে তরুণদের আত্মত্যাগের এই ঐতিহাসিক স্মৃতি ফুটিয়ে তোলা হবে, যার মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের আবহ।

নতুন এই সংশোধিত নকশায় শহীদদের ছবির পাশাপাশি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানাবিধ অনুষঙ্গকে গুরুত্ব দেওয়া হয়েছে। পৃষ্ঠাগুলোতে জলছাপ হিসেবে দৃশ্যমান হবে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন এবং সুপ্রিম কোর্টের ছবি। এছাড়া ঐতিহাসিক স্থাপনার অংশ হিসেবে কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, প্রাচীন পানামনগর ও কার্জন হলের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে।

একই সাথে বাংলাদেশের প্রাকৃতিক রূপবৈচিত্র্যকে তুলে ধরতে নতুন পাসপোর্টে ব্যবহার করা হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির চিত্র। জাতীয় প্রতীক হিসেবে শাপলা, দোয়েল, ইলিশ ও কাঁঠালের পাশাপাশি স্থান পেয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, পাসপোর্টের ডাটা পেজে আগের নিয়মই বহাল থাকবে এবং এটি ইসরাইল ব্যতীত পৃথিবীর সব দেশের ভ্রমণের জন্য বৈধ বলে গণ্য হবে। নতুন এই সিদ্ধান্তটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশনা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।