মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের নতুন মহাকাব্য লিখে দেশের মাটিতে পা রেখেছে স্পেন ফুটবল দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা লা রোজা বীরদের বরণ করে নিতে প্রস্তুত পুরো স্পেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে ট্রফিসহ স্পেনের রাজধানী মাদ্রিদে এসে পৌঁছান রদ্রি-লামিন ইয়ামালরা। বিমান থেকে নেমে প্রথমেই ট্রফি হাতে ক্যামেরাবন্দী হন অধিনায়ক রদ্রি, তার পাশে উপস্থিত ছিলেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুয়ান। পরে দলের অন্য সদস্য ও কোচিং স্টাফরা বিমানে নেমে এসে এই উদযাপনে যোগ দেন।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবারের হাইভোল্টেজ ফাইনালে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে স্প্যানিশরা। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল দলটি। বর্তমানে শুধু বিশ্বচ্যাম্পিয়নই নয়, ইউরোপের সেরার মুকুটও রয়েছে স্পেনের দখলেই। ২০২৪ সালে কোচ দে লা ফুয়েন্তের হাত ধরেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছিল তারা।
দেশে ফেরা বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য বর্ণাঢ্য ও রাজকীয় সংবর্ধনার আয়োজন করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পূর্বসূচি অনুযায়ী, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে রাজপ্রাসাদে সৌজন্য সাক্ষাৎ করবেন ট্রফিজয়ী দলের সদস্যরা। এরপর ছাদখোলা বাসে শহর পরিক্রমা শেষে ঐতিহ্যবাহী সিবেলেস স্কয়ারে প্রধান উদযাপন অনুষ্ঠিত হবে। স্প্যানিশ ফেডারেশনের ধারণা, ইতিহাস গড়া এই মুহূর্তটি সরাসরি উদ্যাপন করতে প্রায় ১০ লাখ মানুষ রাজপথে সমবেত হবেন।



