বিগত ১৭ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি অসাংবিধানিক ও অন্যায্য সরকার প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে ক্ষমতায় টিকে ছিল। তারা নির্যাতন, গুম, খুন এবং লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
বুধবার (২২ জুলাই) বিকেলে নরসিংদী সদর প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে মানবিক কর্মসূচির অংশ হিসেবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন এবং সামাজিক সুবিধাভোগীদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন আরও বলেন, বিগত শাসকগোষ্ঠী জনগণের কল্যাণে কোনো কাজ করেনি। জনবিচ্ছিন্ন হয়ে গণবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এবং দেশের সম্পদ লুটপাট করার কারণেই আজ জনগণ তাদেরকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম খান এবং নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী।
অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এ ছাড়া এলাকার ১৫০ জন মানুষের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়।



