স্থানীয় সরকারব্যবস্থা যথাযথভাবে কার্যকর হলে একটি দেশের সার্বিক গণতন্ত্র ও রাষ্ট্রীয় কাঠামো সত্যিকার অর্থে শক্তিশালী হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে স্থানীয় সরকারই স্বাস্থ্যসেবা, বিচার, প্রশাসন ও জনসেবামূলক কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত স্থানীয় সরকার শক্তিশালীকরণবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আক্ষেপ প্রকাশ করে বলেন, স্বাধীনতার এতদিন পর হলেও বাংলাদেশে স্থানীয় সরকারকে কাঙ্ক্ষিত শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অতীতের শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘ সংগ্রামের পর দেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হওয়ায় এখন নতুন সুযোগ তৈরি হয়েছে। তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা সবচেয়ে ভালো জানেন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরাই, তাই গণতন্ত্র পুনর্গঠনে তাদের শক্তিশালী করা জরুরি।
জনপ্রতিনিধিদের সুবিধার কথা বিবেচনা করে মন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বর্তমান ভাতা বাড়িয়ে সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি ইউপি প্রতিনিধি কল্যাণ ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশ্বাস দেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। আগামী দিনে ইউনিয়ন পরিষদসহ সব ধরনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন বলেন, তৃণমূলের উন্নয়ন ও সরকারের সাহায্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা সবচেয়ে বেশি। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ বিতরণে ইউপি প্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।



