রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে পদ ত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়।
এর আগে, শুক্রবার শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পরপরই সাংবিধানিক শূন্যতা এড়াতে ও রাষ্ট্রীয় ধারাবাহিকতা রক্ষায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন।



