দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে গুমের (এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) কোনো অভিযোগ সামনে এলে সে বিষয়ে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানান তিনি।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচারের প্রবেশাধিকার’ শীর্ষক এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত কয়েক মাসের মেয়াদে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হয়েছে। এ ছাড়া গুম সংক্রান্ত যেকোনো খবর বা অভিযোগ এলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখার জন্য অভ্যন্তরীণ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, বিচারক যখন সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তখনই বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সৎ ও যোগ্য বিচারক নিয়োগ দেওয়া সম্ভব হলেই কেবল একটি স্বাধীন ও জনগণের প্রত্যাশিত বিচার বিভাগ পাওয়া সম্ভব হবে।
এ সময় রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে তিনি জানান, এ জাতীয় মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং চূড়ান্ত পর্যায়ে এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বৃত্ত থেকে বেরিয়ে এসে সরকার সার্বিক সংস্কারের দিকে এগোবে উল্লেখ করে এ জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।



