রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পূর্ণ স্বেচ্ছায় হয়েছে এবং এর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বিষয় জড়িত নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সরকার নিরলস কাজ করছে বলে জানান তিনি।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের গুরুত্ব তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, প্রবৃদ্ধি অর্জন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রধান মাধ্যম হলো ব্যবসা-বাণিজ্য। ব্যবসায়ীদের অযথা হয়রানি না করে কাজ করার যথাযথ সুযোগ দেওয়া উচিত, তা না হলে দেশের সামগ্রিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলা এবং সামাজিক নিরাপত্তা জোরদার না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, আর শক্তিশালী অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে।
একই অনুষ্ঠানে সরকারের সামাজিক উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছেন।
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



