অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশকে আইনে পরিণত করেছে বিএনপি সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে বর্তমান বিএনপি সরকারের চার মাসের মেয়াদেই ১১৭টি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে গণহত্যাকারী শেখ হাসিনাসহ তাঁর সহযোগীদের বিচারের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ এখনো আইনে পরিণত করা সম্ভব হয়নি, সেগুলো নিয়ে বিএনপি কখনো না সূচক মনোভাব দেখায়নি। বিএনপিই গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার হয়েছে। ফলে বাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আরও সুনির্দিষ্ট যাচাই-বাছাই শেষে এ সরকারই দ্রুত আইনে পরিণত করবে।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থানের প্রতি ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন যাদের সঙ্গে রাজনীতি করা হয়েছে, তাদের সাম্প্রতিক ভূমিকা অচেনা মনে হচ্ছে। তারা সংসদের ভেতরে ও বাইরে আলাদা বক্তব্য দিচ্ছেন। জনগণের বিপুল আস্থা ও আশা নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের রাজনৈতিক ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে গণসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপি, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর। এর আগে দুপুরের পর থেকে জেলার আটটি উপজেলা থেকে বিভিন্ন মিছিল এসে সমাবেশস্থলে উপস্থিত হয়।