দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। এর ফলে রাষ্ট্রপতির আসনটি শূন্য হয়। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ নম্বর দফা অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা সাংবিধানিক বাধ্যবাধকতা।
এর আগে সোমবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি সংসদ সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫ ধারার (২) ও (৩) উপ-ধারার বিধান মতে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল গেজেট আকারে প্রকাশের পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে।
সেই আইনি বাধ্যবাধকতা ও প্রক্রিয়ার অংশ হিসেবেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ করা হয় এবং এই বৈঠক অনুষ্ঠিত হয়। দ্রুতই রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল গেজেট আকারে প্রজ্ঞাপন করা হতে পারে বলে জানা গেছে।



