বিগত ১৭ বছর ধরে বিএনপির ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের ওপর ভিত্তি করেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান গড়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, অভ্যুত্থানের পেছনের দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের ইতিহাস উপেক্ষা করে বিভাজন তৈরি করা সমীচীন নয়।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘আমরা বাংলাদেশি’ সংগঠন আয়োজিত ‘ন্যায্যভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে পানিসম্পদ মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে রাজপথের আন্দোলনে যাদের ভূমিকা ছিল না, তারা এখন বড় বড় কথা বলছেন। নির্বাচনে একাধিক প্রার্থী থাকা ও প্রবাসী ভোটের নানা পরিস্থিতির কারণে কিছু আসনে বিরোধীরা সুবিধা পেয়েছে উল্লেখ করে তিনি আগামীতে তা সংশোধনের তাগিদ দেন।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ১৭ বছরের দুর্নীতি ও লুটপাটের কারণে বর্তমান বিএনপি সরকারকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জনকল্যাণে নানা কর্মসূচি গ্রহণ করছেন। এসব বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
‘আমরা বাংলাদেশি’ সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম।
বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের ব্যয় সংকোচন ও রাষ্ট্র পরিচালনানীতির প্রতি আস্থা রাখছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের স্বার্থে বিভাজন পরিহার করে ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।



