জাতীয় সংসদ ভবনে গণপূর্ত অফিসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত তৎপরতায় আগুন অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সোয়া ৩টায় এই আগুনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. মনির হোসেন। তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদের পর জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে অকুস্থল পরিদর্শন করেন। তাঁরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ জাতীয় দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা সুপারিশের জন্য একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।