সারের কোনো ঘাটতি নেই, কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সারের সংকট নিয়ে বাজারে যেসব গুঞ্জন ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কেউ কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার গাজীপুরের জয়দেবপুরে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান দিনব্যাপী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, বর্তমানে দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার পাশাপাশি পাইপলাইনেও পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা রয়েছে। তবে কিছু অসৎ ব্যক্তি বাড়তি দামে সার বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সরকার কঠোর সজাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারকি করা হবে এবং যেকোনো কারসাজি কঠোরভাবে দমন করা হবে।

বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি না থাকা সত্ত্বেও দাম বাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, পণ্য ও সরবরাহ স্বাভাবিক থাকলে অযৌক্তিকভাবে দাম বাড়ার পেছনে কী ধরনের মেকানিজম কাজ করছে তা অনুসন্ধান করা প্রয়োজন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কৃষি গবেষণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্রেফ গবেষণার খাতিরে না করে মানুষের বাস্তব প্রয়োজন ও সময়ের চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে। হাওর অঞ্চলের প্রায় প্রতি বছরের আগাম বন্যার ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে গবেষকদের নতুন ধানের জাত উদ্ভাবনের তাগিদ দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যে সম্ভব হয়েছে। আগামী মৌসুমে হাওরাঞ্চলে এই নতুন জাতের প্রায় ৩০ টন বীজ সরবরাহ করা হবে, ফলে বর্ষা ও আগাম বন্যা আসার আগেই কৃষকরা ফসল কেটে ঘরে তুলতে পারবেন।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে কৃষিপণ্যকে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি আইটেম হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানসম্পন্ন আধুনিক প্যাকেজিং, পচন রোধে সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরিদর্শনকালে কৃষিমন্ত্রীর সঙ্গে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।