শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত মানোন্নয়ন, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের ধারা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মাঠপর্যায়ের অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, শিক্ষানীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক দক্ষতার অগ্রগতি বিশদভাবে পর্যালোচনা করেন। সভায় কার্যকর পাঠদান, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সর্বোচ্চ জোর দেওয়া হয়।

মতবিনিময়কালে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ অভিজ্ঞতার আলোকেও শিক্ষাক্ষেত্রের নানা চ্যালেঞ্জ ও সুপারিশ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মাঠপর্যায়ের এই বাস্তব অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শিক্ষা খাতের সার্বিক অগ্রযাত্রায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রী শিক্ষা খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিবিড়ভাবে খতিয়ে দেখেছেন। বিশেষ করে মাধ্যমিক শিক্ষার মান বৃদ্ধি এবং বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের জন্য তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।