দুর্নীতির বিরুদ্ধে স্থায়ী ও কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবারকেই প্রধান ভিত্তি বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ। শিশুদের শৈশব থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার তাগিদ দেন তিনি।
রোববার (২ আগস্ট) বেলা ১১টায় নগরীর নানকিং দরবার হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এবং রাজশাহী মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার উল্লেখ করেন, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি মূল্যবোধ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহানগরীর মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুইশত শিক্ষার্থী তিনটি বিভাগে অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং বাকিদের সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আওসাফ নাহিয়ান আদিব শ্রেষ্ঠ বক্তা এবং চিত্রাঙ্কনে রিভার ভিউ কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মেহরিমা হাসান অরণি প্রথম স্থান অর্জন করেন।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মো. হুমায়ূন কবীর, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাবলু ও সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু। আয়োজনটি সঞ্চালনা করেন কমিটির সদস্য আব্দুর রোকন মাসুম।



