একটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রক্রিয়ার পর দেশ ফ্যাসিবাদী কাঠামো থেকে বেরিয়ে এসেছে উল্লেখ করে গণতন্ত্রকে সুদৃঢ় করতে বিচার বিভাগ ও প্রশাসনসহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেশী দেশের গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, নানা রাজনৈতিক সংকট থাকা সত্ত্বেও ভারতে প্রাতিষ্ঠানিক শক্তির কারণেই গণতন্ত্র টিকে রয়েছে। তাদের স্বাধীন বিচার বিভাগ, সুসংগঠিত প্রশাসন ও শক্তিশালী গণমাধ্যমের মতো আমাদের দেশেও একটি নিরপেক্ষ ও টেকসই রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বর্তমান সরকার সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার সুনিশ্চিত করতে পুরোপুরি দায়বদ্ধ বলেও তিনি জানান।
সামাজিক সমস্যা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে মাদক সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের তরুণ সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে রক্ষা করতে অবিলম্বে মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানান তিনি।
নিজ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এবং স্থানীয় সুগার মিলের স্থবিরতায় ঠাকুরগাঁওয়ের বিপুল জনগোষ্ঠীর আয়ের পথ ব্যাহত হয়েছে। এ সংকট কাটাতে স্থানীয়ভাবে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করছে সরকার।
তা ছাড়া এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ও জমি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি নতুন অনুমোদিত মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আগামী বছর থেকেই শহরের পুরোনো হাসপাতাল ভবনে অস্থায়ীভাবে চালু করা হবে। একই সঙ্গে শহরের যানজট নিরসন ও অপরিকল্পিত নগরায়ন বন্ধে একটি প্রস্তাবিত রিং রোডসহ সমন্বিত মাস্টার প্ল্যান কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে বাংলাদেশ ও নেপালের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



