জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণীয় থাকবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানকে দেশের সাধারণ মানুষ ও তরুণ সমাজের সাহস, ঐক্য এবং অনন্য আত্মত্যাগের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এই আন্দোলনে সরকারি ও বেসরকারি উভয় খাতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সাহসী অংশগ্রহণ আন্দোলনকে নতুন মাত্রা ও সর্বজনীন শক্তি জুগিয়েছে, যা দেশের ইতিহাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোববার (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগে অবস্থিত এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিচালিত হয়নি। বরং নানা রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এটি একটি সফল গণজাগরণে রূপ নেয়। সংকটকালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনড় অবস্থান দেশের মানুষ সবসময় শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ববি হাজ্জাজ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তরুণরা পরিবর্তনের মূল চালিকাশক্তি হলেও তাঁদের প্রধান পরিচয় হলো শিক্ষার্থী। সে কারণে দেশ, সমাজ ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল থেকে মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ভবিষ্যৎ প্রজন্মকে নীতি-নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, প্রারম্ভিক শিক্ষা পর্যায় থেকেই মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ জোরদারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এ ছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকমণ্ডলী এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী এই আলোচনা সভায় অংশ নেন।