বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন এই নির্দেশনার আলোকেও দেশের আটটি বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির আবেদন করা যাবে। এ ছাড়া হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীরা dss.bhata.gov.bd/online-application ঠিকানায় প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্দেশনায় জানানো হয়েছে, আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে জমা দিতে হবে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তির ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সুবর্ণ নাগরিক নম্বর বা কার্ড থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের তথ্য প্রদান করতে হবে। তবে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধাভোগীরা এই ভাতার জন্য যোগ্য বিবেচিত হবেন না। এ ছাড়া যারা আগে থেকে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

সমাজসেবা অধিদপ্তর জানায়, প্রাপ্ত নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা তথ্য যাচাই-বাছাই ও অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীরা চলতি বছরের ১ জুলাই থেকে বকেয়াসহ ভাতা ও উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য বলে গণ্য হবেন।

আবেদন বা যাচাই-বাছাই প্রক্রিয়ায় যেকোনো কারিগরি সমস্যা নিরসনে সমাজসেবা অধিদপ্তরের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে আবেদন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।