জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সংসদ ভবন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর শহীদদের আত্মার মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর মোনাজাতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, চিফ হুইপ ও অন্যান্য সংসদ সদস্যদের দীর্ঘায়ু এবং দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সাথে জাতীয় সংসদের সকল কার্যক্রমের সার্বিক সফলতা এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান সম্পূর্ণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংসদ সচিবালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।