সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ এই দোয়া মাহফিল ও ইসলামী আলোচনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মরহুমের কন্যা ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান স্বশরীরে অংশ নেন।

এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মাহবুব আলী খানের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুম মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা, নেতৃত্ব এবং রাষ্ট্র গঠনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধানমন্ডি মসজিদের খতিব মাওলানা লোকমান মাজহারী, শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা তাঁর কর্মময় জীবনের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

ইসলামী আলোচনা শেষে ধানমন্ডি মসজিদের খতিব মাওলানা লোকমান মাজহারীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বীর মুক্তিযোদ্ধা রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত করা হয়।