ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলেও জনগণ এখন উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার অপচেষ্টা কখনো সফল হবে না।
শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজারের ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ‘ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সালাহউদ্দিন আহমদ। সেখানে দেশের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনমি এবং টেকসই পরিবেশবান্ধব পর্যটনের গুরুত্ব তুলে ধরেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু উঁচু উঁচু ইমারত নির্মাণ করলেই পর্যটন খাতের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করেই অবকাঠামো নির্মাণ করতে হবে। সমুদ্রের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে মৎস্যসম্পদ, বন্দর, সামুদ্রিক গবেষণা ও পরিবেশ রক্ষা সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।
পর্যটন ও পরিবেশের সামঞ্জস্য নিশ্চিতে তিনি জানান, বিগত সরকারের আমলে ঢালাওভাবে ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ-র সিদ্ধান্তগুলো বৈজ্ঞানিক জরিপ ও বাস্তবতার ভিত্তিতে পুনর্বিবেচনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অঞ্চলে উচ্চশিক্ষা ও সামুদ্রিক গবেষণার পরিধি বাড়াতে কক্সবাজারে একটি ‘মেরিন ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও প্রকাশ করেন তিনি।
পরবর্তীতে ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই নতুন ভবন নির্মাণের ফলে জেলাবাসী ও পর্যটকদের স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাপ্রকাশ করা হয়।



