বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০ বছরের কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

আগামী ১০ বছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার গতিপথ কী হবে, সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি বলেন, বিগত স্বৈরাচারী আমলে এ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থরক্ষায় ব্যবহৃত হয়েছিল। এখন সরকারের পরিকল্পিত পদক্ষেপে বিদ্যুৎ ও গ্যাস খাতকে জনকল্যাণে পুনর্গঠন করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জ্বালানি খাত নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে শান্তিশৃঙ্খলা বিনষ্ট না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রগতির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আনোয়ারায় চীনের অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে চলছে, যা বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। এছাড়া চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে সরকারি সহায়তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

কৃষি খাতের সার্বিক সুরক্ষার কথা উল্লেখ করে তারেক রহমান ঘোষণা করেন, সাধারণ কৃষকদের পাশাপাশি উপকূলীয় লবণচাষিরাও সরকারি ‘কৃষক কার্ড’-এর সুবিধা পাবেন। চাষিদের সচ্ছলতা নিশ্চিত করতে আলোচনা সাপেক্ষে লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার অঙ্গীকার করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ স্থানীয় বিভিন্ন আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতৃবৃন্দ।