দেশের বর্তমান প্রজন্মকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও ইতিহাস সম্পর্কে সঠিকভাবে জানাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সঠিক ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
রোববার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শিশু-কিশোরদের উপযোগী দেশের প্রথম দুটি পপ-আপ বই ‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকাশনা উৎসবে প্রতিমন্ত্রী লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রার এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। একই সাথে তরুণ ও নতুন লেখকদের এ ধরনের ইতিহাসভিত্তিক বই প্রকাশে উৎসাহিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিহাস পৌঁছে দিতে বই দুটি দ্রুত ইংরেজিতে অনুবাদের ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
প্রকাশনা সংস্থা ‘দশমিক’-এর প্রকাশক দীপান্ত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জিলানী, সেলিমুজ্জামান সেলিম, কে এম বাবর, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এবং বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।



