সদ্য প্রকাশিত চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার শতভাগ নিরপেক্ষ এবং নির্মোহ মূল্যায়নের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫ বাড়িয়ে দেখানোর যে প্রবণতা ছিল, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার তা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। পরীক্ষা গ্রহণের স্বচ্ছতা তুলে ধরে তিনি জানান, এবারই প্রথমবারের মতো সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কেন্দ্রে সিসিটিভি ও বডি ওন ক্যামেরা ব্যবহারসহ পরীক্ষকদের যথাযথ মূল্যায়নের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা ঠিক যেমন প্রস্তুতি নিয়েছে, ফলাফলে তারই প্রকৃত প্রতিচ্ছবি উঠে এসেছে। প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার শিক্ষার গুণগত মান নিশ্চিত করে প্রতিটি শিক্ষার্থীর পাশে রয়েছে।
আগামী শিক্ষাবর্ষের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে উপদেষ্টা জানান, বিদ্যমান পাঠ্যক্রম পরিমার্জন, সংযোজন ও বিয়োজনের কাজ চলছে, যেখানে নতুন চারটি বই যুক্ত হতে যাচ্ছে। একই সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুক্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।



